পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাবে অবরুদ্ধ (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে থাকা মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি জব্দের এই নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মনিরুল ইসলাম ছাড়াও ব্যাংক হিসাব জব্দের আদেশ পাওয়া অন্য ব্যক্তিরা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মনিরুলের স্ত্রী সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।
এর আগে দুদকের পক্ষে উপপরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মোজাম্মিল হোসেন এই আবেদন করেন। দুদকের আবেদনে ব্যাংক হিসাবগুলোর বিস্তারিত তুলে ধরা হয়:
মনিরুল ইসলাম: তার নামে থাকা ১১টি ব্যাংকি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা এবং ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে।
সায়লা ফারজানা: তার ৫টি হিসাবে রয়েছে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা।
রেজাউল আলম শাহীন: তার নামে থাকা ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা জমা রয়েছে।
সানজিদা খানম টুম্পা: তার ২৭টি হিসাবে রয়েছে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রায় ২৫ কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে 'কুয়েত সোসাইটি ফর রিলিফ' ও 'শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল' নামক এনজিওর নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেদের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের মালিক হওয়ার সত্যতা পাওয়ায় আদালতের নির্দেশে তাদের এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হলো।
Comments