মাত্র ৫ টাকায় লাখ টাকার চিকিৎসা
রাজধানীতে চিকিৎসার ব্যয় যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন মাত্র ৫ টাকায় চিকিৎসাসেবা দিয়ে স্বস্তি দিচ্ছে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে হাসপাতালটি হয়ে উঠেছে ভরসার জায়গা। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা, পরিচ্ছন্ন পরিবেশ এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা—সব মিলিয়ে প্রতিদিনই এখানে ভিড় করছেন রোগীরা।
চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু রাজধানীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক পরিবারকেই গুনতে হয় বড় অঙ্কের টাকা। কখনো চিকিৎসার খরচ মেটাতে সঞ্চয় ভাঙতে হয়, কখনো নিতে হয় ঋণ। এমন বাস্তবতায় মাত্র ৫ টাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ যেন অনেক পরিবারের কাছে স্বস্তির খবর।
মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে চিকিৎসা নিতে প্রতিদিনই আসছেন নানা বয়সী রোগী। তাদের অনেকেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। রোগীদের ভাষ্য, তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়ায় আর্থিক চাপ অনেকটাই কমছে।
অনেক রোগীর সাথে কথা বলে ঢাকা জার্নাল। তারা বলেন, "এখানে চিকিৎসা নিতে এসে ভালো সেবা পাচ্ছি। খরচও অনেক কম। অন্য জায়গায় চিকিৎসা করাতে গেলে অনেক টাকা লাগে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই হাসপাতাল অনেক উপকার করছে।"
হাসপাতালটির অন্যতম গুরুত্বের জায়গা মাতৃস্বাস্থ্যসেবা। অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে মা ও শিশুর নিরাপত্তা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই প্রসবের পদ্ধতি নির্ধারণ করা হয়।
হাসপাতালটির পরিচালক ডা. মো. শামসুজ্জামান ঢাকা জার্নালকে বলেন, "আমরা এখানে খুব কম খরচে ভালো মানের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। পরিচ্ছন্নতার বিষয়েও আমরা গুরুত্ব দিই। রোগীরা যেন সঠিক চিকিৎসা পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।"
চিকিৎসার জন্য যেন কাউকে আর্থিক সংকটে পড়তে না হয় এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের মতো প্রতিষ্ঠানে কম খরচে চিকিৎসার সুযোগ সেই প্রত্যাশাকে কিছুটা হলেও বাস্তবতার কাছাকাছি নিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন সেবার মান বজায় রেখে আরও বেশি মানুষের কাছে এই সুযোগ পৌঁছে দেওয়া।
Comments