সৌদি আরবের মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ড’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে 'অনৈতিক কর্মকাণ্ডে' লিপ্ত হওয়ার অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় আদেশে মক্কা অঞ্চলে এই দণ্ড বাস্তবায়ন করা হয়।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম 'আজেল'-এর প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবরণে বলা হয়, মক্কার একটি মসজিদে পবিত্র উপাসনালয় এবং স্থান-কালের মর্যাদা মারাত্মকভাবে লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করেছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত জানান, পবিত্র মসজিদের ভেতরে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং স্থানটির পবিত্রতার চরম অবমাননা। অপরাধের ভয়াবহতা বিবেচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং আইনি বিধান অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে দেশের উচ্চতর আদালতেও এই রায় বহাল রাখা হয়।
আইনি সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং রাজকীয় অনুমোদনের পর বুধবার মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
Comments