সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের যাবতীয় বিবরণ তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক জরুরি ই-মেইল বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা ৩৮ মিনিটে ব্যাংকগুলোতে পাঠানো ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতিসংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হালনাগাদ হিসাব বিবরণী (স্টেটমেন্ট) সফট কপিসহ জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো এই বার্তায় সংশ্লিষ্ট প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্যও এক্সেল ফাইলে পূরণ করে জমা দিতে বলা হয়।
এছাড়া বিএফআইইউর পরিপত্রের ধারা অনুযায়ী তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নিকট এই চিঠি পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে নিজের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন সালমান মুক্তাদির। দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুরুতে বিএনপির লোকজন চাঁদা চেয়েছে বলে অভিযোগ করলেও পরবর্তীতে তিনি জানান যে তার কাছে আসলে কোনো চাঁদা চাওয়া হয়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছিলেন যে, সালমান মুক্তাদিরসহ যেসব কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া influencers-দের ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা রয়েছে, তারা ভবিষ্যতে আরও বেশি দায়িত্বশীল আচরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
Comments