অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম: রিজভী
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেকটাই কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। দাম কিছুটা সমন্বয় করার পরও সরকারকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে।
হিসাব তুলে ধরে তিনি জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল আমদানিতে খরচ পড়ছে ২৫০ টাকা। দাম সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে সরকারকে প্রায় ৭০ টাকা করে লোকসান দিতে হচ্ছে। সংকট নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে কঠোর অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, "দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে। এর পেছনে পতিত স্বৈরাচারের যোগসাজশ থাকতে পারে, যা নিয়ে দেশবাসী ও দলের নেতা-কর্মীরা অত্যন্ত সচেতন রয়েছেন।"
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চলছে দাবি করে রিজভী বলেন, বিরোধীদের কাছ থেকে দায়িত্বশীল ও বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের কটূ ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।
প্রশাসনের একটি অংশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের অভ্যন্তরে থেকে নাশকতা বা স্যাবোটেজ করার চেষ্টা চালাচ্ছে। গোপন কক্ষে বসে কেউ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
Comments