সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা ১টা ১৮ মিনিটে রাজধানীর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সাতজন। এই সাত আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
গত ১৮ আগস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল এবং গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন আদালত।
Comments