ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচও ও বাংলাদেশ কর্তৃপক্ষের যৌথ জালিয়াতি ও দুর্নীতির তদন্তের মুখে গত বুধবার (৮ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন।
পদত্যাগের নেপথ্য কারণ
২০২৪ সালের শুরুতে পাঁচ বছর মেয়াদে দায়িত্ব নেওয়ার পর, গত বছরের মাঝামাঝি থেকে তাকে পরপর দুবার বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
চীনের সফরসংক্রান্ত আর্থিক প্রতারণা (৯০১ ডলারের অনিয়ম), শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে।
সমস্ত অভিযোগ অস্বীকার করে সায়মা ওয়াজেদ দাবি করেছেন, জমিটি তিনি ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই আইনগত প্রক্রিয়ায় পেয়েছিলেন। আর্থিক গরমিলটি সহকারীর প্রশাসনিক ভুল ছিল এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি মহাপরিচালককে আগেই স্পষ্ট করা হয়েছিল।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা অভিযোগ করেন, ডব্লিউএইচওর ওপর তিনি আস্থা ও বিশ্বাস হারিয়েছেন এবং তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। প্রায় এক বছর বেতন না পাওয়ায় আর্থিক অস্বচ্ছলতাও পদত্যাগের আরেকটি কারণ বলে জানান তিনি।
২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্যে ছিলেন সায়মা ওয়াজেদ। শেষ পর্যন্ত দীর্ঘ প্রায় এক বছর প্রশাসনিক ছুটির পর তিনি আনুষ্ঠানিকভাবে তার পদ ছাড়লেন।
Comments