নিয়মিত পরিচ্ছন্নতায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।' পরিচ্ছন্নতার অভ্যাস নিজের পরিবার থেকেই শুরু করার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।'
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানতে চান। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না; সুস্থভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।'
মানবতার পাশাপাশি জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমাদের চারপাশের অবলা প্রাণীদের প্রতিও যত্নবান হতে হবে। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবের প্রতি মমতা ও দায়িত্ববোধই একটি মানবিক সমাজের পরিচয়।'
উল্লেখ্য, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক এবং পরিচালনা কমিটির দুজন সদস্য জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসেন। অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। প্রধানমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনা ও আন্তরিক কথোপকথনে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয় এবং তার পরামর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজেও ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য নিশ্চিত করেছেন।
Comments