স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদের তথ্য পাঠাল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা—ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশে গড়ে ওঠা অবৈধ সম্পদের অনুসন্ধান করতে মার্কিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছিল দুদক। সেই আবেদনের প্রেক্ষিতেই এফবিআই তাঁদের যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সম্পদের বিবরণী ও নথি দুদককে সরবরাহ করেছে।
এদিকে দুদক সূত্র জানিয়েছে, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তির আড়ালে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম জোরালো করা হয়েছে। এই চুক্তির সঙ্গে সম্পৃক্ততা এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও অনুসন্ধানের সুপারিশ করেছে দুদকের সংশ্লিষ্ট তদন্ত দল।
Comments