নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরি করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) কর্মসংস্থান ব্যাংক আয়োজিত 'ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল' প্রকল্পের উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিই আমাদের মূল অগ্রাধিকার। কর্মসংস্থান ব্যাংকের এই নতুন প্রকল্পটি দেশের বেকারত্ব দূরীকরণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।' ৫০ কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালুর কথা জানান তিনি।
ব্যাংকিং খাতের বাইরে থাকা সাধারণ মানুষদের সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী ব্যাংকটিকে আরও কার্যকর কর্মসূচি হাতে নেওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির ওপর বিশেষ জোর দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 'এটি কোনো সাধারণ অনুদান বা চ্যারিটি নয়। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে জড়িতদেরও সহায়তা ও প্রমোট করা সম্ভব। তারাও আমাদের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারেন।'
সরকার সৃজনশীল অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিতে এবং এ খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সহায়তা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এই খাতের যথাযথ বিকাশ ঘটানো গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
Comments