নয়াদিল্লিতে ছয়তলা ভবনধস, ৫০ জন আটকার আশঙ্কা
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। ভবনটির ধ্বংসস্তূপে ৪০ থেকে ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ রোববার বেলা দেড়টার দিকে ভবনটি ধসে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে বেলা ১টা ৩০ মিনিটের দিকে ভবনধসের খবর আসে। এর চার মিনিট পর দক্ষিণ ক্যাম্পাস থানায় এ বিষয়ে ফোন আসে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ধসে পড়া ভবনটি ছেলেদের থাকার জন্য একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে ব্যবহৃত হতো।
ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মারা গেছেন, বাকি দুজনের অবস্থা গুরুতর। তাঁদের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন জরুরি সেবার কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ভবনধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সত্য নিকেতনে এর আগে ২০২২ সালের এপ্রিলেও একটি ভবন ধসে পড়েছিল। ওই ঘটনায় দুই শ্রমিক নিহত ও চারজন আহত হন।
Comments