ইলিশের উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা: মৎস্যমন্ত্রী
ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ এবং তা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে শুধু সরকারি উদ্যোগে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জেলেদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মা ইলিশ শিকার করলে ভবিষ্যতে নিজেদের জীবিকা এবং দেশের মৎস্যসম্পদ—উভয়ই ক্ষতিগ্রস্ত হবে, এই উপলব্ধি জেলেদের মধ্যে তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ সময়ে তাঁদের দুর্ভোগ কমাতে খাদ্যসহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং জেলেদের জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা গেলে দেশের জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভা শেষে প্রধান অতিথি নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।
Comments