ফরিদপুরে পরকীয়া সন্দেহে গৃহবধূকে গাছে বেঁধে চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অজুহাতে এক প্রবাসী গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন এবং মাথার চুল কেটে দেওয়ার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। এই নির্মম নির্যাতনের সময় ধারণ করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে। নির্যাতিতা ওই নারী (২৮) একই এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, সম্প্রতি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন ওই নারী। অভিযোগ ওঠে, শনিবার রাতে তাঁর ঘরে এক যুবক প্রবেশ করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁদের দুজনকে আটকে রাখেন। পরবর্তীতে রবিবার বিকেলে সুমন হোসেন (২৬) ও জয় হোসেন (২৮) নামের দুই যুবক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করেন, প্রকাশ্যে চুল কেটে দেন এবং গাছে বেঁধে মারধর করেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক হাত চেপে ধরে আছেন এবং অন্যজন কাঁচি দিয়ে জোরপূর্বক ওই নারীর চুল কেটে দিচ্ছেন। এ সময় ভুক্তভোগীর অনুনয়-বিনয় উপেক্ষা করে তাঁকে আঘাতও করা হয়। অপর একটি ভিডিওতে রাতের অন্ধকারে গাছের সাথে বেঁধে তাঁদের ওপর শারীরিক নির্যাতনের দৃশ্য ফুটে ওঠে।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে সদরপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হওয়ার পরই অভিযুক্তদের ধরতে একাধিক টিম অভিযানে নেমেছে। তিনি স্পষ্টভাবে জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। মূল অভিযুক্তদের পাশাপাশি ভিডিও ধারণকারী ও প্রচারকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments