বিরোধী দল অন্যায় পন্থাকে উৎসাহ দিচ্ছে: রিজভী
সমাজে ঘৃণা, বিদ্বেষ ও অশালীন বক্তব্যের পরিবেশ তৈরিতে বিরোধী দল উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারবিরোধী কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নিয়েছে। তার ভাষ্য, কোনো বক্তব্য যদি অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে সেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া স্বাভাবিক। কিন্তু বিরোধী দল ওই ব্যক্তির পক্ষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের অবস্থান অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডকে উৎসাহিত করে। একই সঙ্গে সমাজে ঘৃণা ও অশালীন কথাবার্তাকে প্রশ্রয় দেওয়ার পরিবেশ তৈরি হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকারপ্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, তা সামাজিক ও রাজনৈতিক কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিরোধী দলের উদ্দেশে রিজভী বলেন, সংসদের ভেতরে-বাইরে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরাও বিরোধী দলের রাজনৈতিক দায়িত্ব। তবে সমালোচনার পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করা হলে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের যে কাঠামো নতুন করে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছিল, সেটিকে নষ্ট করার চেষ্টা চলছে।
সরকারের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গে রিজভী বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল অত্যন্ত নিম্ন পর্যায়ে। তবে পরবর্তী কয়েক মাসে তা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি।
Comments