দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর আহ্বান
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঘিরে থাকা নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যাসহ ঢাকার আশপাশের নদ-নদী এবং সংশ্লিষ্ট খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদীতে বর্জ্য ফেলা বন্ধ, পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা বজায় রাখা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
সভায় নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু বর্তমান প্রজন্মের কথা বিবেচনা করলেই হবে না; পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব সবার। এ কাজ কেবল সরকারি নির্দেশনার ওপর নির্ভর করে করা সম্ভব নয়, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মুখ্য সচিব, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
Comments