জ্বালানি পরিস্থিতি উদ্বেগজনক- ভারসাম্যপূর্ণ নীতিমালার তাগিদ বিইআরসি চেয়ারম্যানের
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিকে 'উদ্বেগজনক' বলে অভিহিত করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এই সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ উৎস অনুসন্ধান, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানিতে সুষম বিনিয়োগের ওপর জোর দিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) 'ডিবেট ফর ডেমোক্রেসি' আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান জানান, আমদানিকৃত জ্বালানি ও এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আন্তর্জাতিক বাজারের সামান্য অস্থিতিশীলতাই দেশকে বড় ঝুঁকিতে ফেলছে। দেশের নিজস্ব গ্যাস সম্পদ অনুসন্ধানে দীর্ঘকাল পর্যাপ্ত জোর না দেওয়াই আজ এই সংকটের মূল কারণ।
বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থাকলেও প্রয়োজন চারটি। নতুন কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও তা চালু হতে ২৪ থেকে ৩০ মাস সময় লাগবে বলে জানান তিনি।
১৯৯৬ সালের পর নতুন কোনো জাতীয় জ্বালানি নীতি প্রণীত না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি অবিলম্বে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
ফার্নেস অয়েল ও ডিজেলের মতো ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমাতে সৌরশক্তিকে সবচেয়ে সম্ভাবনাময় উৎস উল্লেখ করে তিনি বলেন, দিনে কার্যকর সূর্যালোকের সময়সীমা কম হওয়ায় বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবহারে ব্যয়বহুল ব্যাটারি স্টোরেজ বা বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি।
দেশে ১৭ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় ৩০ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকায় সরকারকে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ ও ভর্তুকি গুনতে হচ্ছে বলে সমালোচনা করেন তিনি। অস্বচ্ছ প্রক্রিয়ায় তৈরি অপ্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার পরামর্শ দেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির বাজার ধরে রাখতে শিল্প কারখানাকে পর্যায়ক্রমে নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যেতে হবে। এ জন্য ছোট কারখানাগুলোর সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের কম সুদের (৫ শতাংশ) ঋণ তহবিল আরও শক্তিশালী করার প্রস্তাব দেন বিইআরসি প্রধান।
উল্লেখ্য, 'নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগই নিশ্চিত করবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা' শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বাংলা কলেজ চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) রানার-আপ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
Comments