হাদি হত্যা মামলায় ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় এই আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান ফয়সাল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বিপুল পরিমাণ লেনদেনের অনুসন্ধান করছিলেন। অনুসন্ধান চলাকালীন অভিযুক্তরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেটির জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে এই নিষেধাজ্ঞার আবেদন করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে পলাতক অবস্থায় ভারতের কারাগারে আটক রয়েছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আদালতের এই আদেশের ফলে আইনি প্রক্রিয়া ও দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের ওপর বাড়তি কড়াকড়ি আরোপ করা হলো।
Comments