বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখাই বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। একই সঙ্গে দল ও জনগণের কল্যাণেও কাজ করা হচ্ছে। তাঁর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা জনগণের মধ্যে আগের তুলনায় অনেক বেড়েছে।
বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি সেগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে।
দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম বা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের ওপর থাকবে। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Comments