স্বাস্থ্যসেবায় ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনতে 'ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম' চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রস্তাবিত ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তিটির সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, শুরুতে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যয় এবং বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হবে। পাইলট প্রকল্প থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়নের পর ধাপে ধাপে সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে।
সভায় স্বাস্থ্য খাতে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুবিধা নিতে পারেন এবং চিকিৎসাসেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়।
রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য নিরাপদে সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পৌঁছানোর ব্যবস্থা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, প্ল্যাটফর্ম তৈরির সময় তথ্যের নিরাপত্তা এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ব্যবস্থাটি ব্যবহারবান্ধব, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনার উপযোগী হতে হবে।
পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় এর আগে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments