৩১ আগস্টের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি
সরকারি কর্মচারীদের জন্য ১:৪ বেতন অনুপাত, ১২টি গ্রেড এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি আগামী ৩১ আগস্টের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
শুক্রবার ২১ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, পে-কমিশনের সুপারিশের আলোকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এজন্য ৩১ আগস্টের মধ্যেই গেজেট প্রকাশের দাবি জানান তারা।
সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে ২০১৫ সালের পে স্কেলে বাতিল হওয়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। একই সঙ্গে কর্মচারীদের জ্যেষ্ঠতা পুনঃপ্রতিষ্ঠা এবং ব্লক পদে কর্মরতদের পদোন্নতি অথবা প্রতি পাঁচ বছর পর উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে।
টেকনিক্যাল পদে কর্মরতদের জন্য সংশ্লিষ্ট পদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করারও দাবি করা হয়েছে।
এ ছাড়া প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের আগের চাকরিকাল হিসাবের মধ্যে এনে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দেওয়ার দাবি জানানো হয়েছে।
বাজারে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং সামরিক ও বেসামরিক কর্মচারীদের মধ্যে থাকা বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সচিবালয়ের মতো সরকারি, আধা-সরকারি, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের দাবি জানানো হয়েছে। এর মাধ্যমে বেতন ও পদমর্যাদার বৈষম্য দূর করার কথাও বলেছে সংগঠনটি।
বিবৃতিতে সংগঠনের সদস্য সচিব মো. মহিউদ্দিন হাসান এবং মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষর করেন। তারা বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
তাদের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন শুরু করা হবে।
Comments