কলকাতার হোটেল অগ্নিকাণ্ড: ছয় বাংলাদেশির মরদেহ দেশে আসছে
কলকাতার নিউমার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তত্ত্বাবধানে বেনাপোল ও ভোমরা, দুই সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে পাঁচজনের মরদেহ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে এবং একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে।
বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হবে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, শর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদ বাবুর মরদেহ। আর সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে পাঠানোর কথা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. খালেদ এসব কথা বলেন।
তিনি বলেন, শুক্রবার ২১ আগস্ট বিকেলের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানোর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা না গেলে মরদেহ দেশে পাঠাতে শনিবার ২২ আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকার করার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবারের সংবাদ সম্মেলনে ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, রেবতী সরকারের ছেলে তার মায়ের মরদেহ কলকাতাতেই সৎকার করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এর জন্য পশ্চিমবঙ্গের স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন হবে। বিষয়টি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার ১৯ আগস্ট রাতে কলকাতার নিউমার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় সাত বাংলাদেশিসহ মোট নয়জনের মৃত্যু হয়। নিহত অপর দুজন ভারতের নাগরিক।
Comments