নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কার হাতে কোন মন্ত্রণালয়?
সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন ও রদবদলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নতুন করে মন্ত্রিসভায় জায়গা পেতে যাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন সদস্যদের মধ্যে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
অন্যদিকে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা চলছে। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তনও আসতে পারে। সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে এ রদবদলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সূত্রের দাবি।
সূত্রের তথ্য অনুযায়ী, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ গ্রহণের কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পর একই স্থানে মন্ত্রিসভার নতুন সদস্যদেরও শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন রাষ্ট্রপতিই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন।
Comments