নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে বঙ্গভবন প্রস্তুত
নতুন রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনার আশপাশে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নজরদারি।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর গুলিস্তান ও বঙ্গভবনসংলগ্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্য দিনের তুলনায় পুরো এলাকার চিত্র অনেকটাই ভিন্ন। ব্যস্ত ও জনাকীর্ণ এ এলাকায় নিয়ন্ত্রিত যান চলাচলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের কয়েকটি ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। কোথাও কোথাও পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতেও দেখা যায়। একই সঙ্গে বিভিন্ন সড়কে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধভাবে বসা ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ফুটপাত ও আশপাশের বেশ কিছু জায়গা তুলনামূলক ফাঁকা দেখা গেছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ছিল।
বঙ্গভবনের বাইরে থেকেই ভেতরের আয়োজনের বিস্তারিত বোঝা না গেলেও নতুন রাষ্ট্রপ্রধানকে বরণে অভ্যন্তরে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ভবনের সামনের অংশও পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে। প্রবেশপথ এবং আশপাশের স্থাপনাগুলোর সৌন্দর্য ও পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের স্বাক্ষরে জারি করা ওই প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।
Comments