ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা
ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে সহায়তা করা যেকোনো দেশকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এমন একটি কঠোর অর্থনৈতিক অভিযান চালাতে যাচ্ছে, যার নজির আগে দেখা যায়নি।
ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, দেশটির নৌ ও বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামরিক স্থাপনাগুলোরও বড় ধরনের ধ্বংস হয়েছে। পাশাপাশি ইরানের মুদ্রার মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে সরাসরি বা পরোক্ষভাবে সহযোগিতা করা দেশগুলোকে গুরুতর অর্থনৈতিক পরিণতি মোকাবিলা করতে হতে পারে। তবে ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা বা ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান ট্রাম্প। তিনি তার পরিকল্পনাকে 'অর্থনৈতিক ডি-ডে' হিসেবে উল্লেখ করে বলেন, এই পদক্ষেপ ইরানের পাশাপাশি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতার ওপরও বড় প্রভাব ফেলবে।
ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
Comments