মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও নতুন দুই মুখ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে সংযুক্ত হচ্ছেন আরো নতুন দুই মুখ।
মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে আরো বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও এই ধাপে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের একটি গণ্মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হবে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কিংবা রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। মন্ত্রিপরিষদের নতুন এ দুই সদস্য আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকে শপথ নেবেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার বিষয়টি পার্বত্য এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়ন ইস্যুকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। প্রায় দুই মাসের মাথায় নতুন মন্ত্রী পেতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন মীর হেলাল।
এ ছাড়া গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।
সব মিলিয়ে নতুন করে দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তন আসতে যাচ্ছে। এখন দেখার বিষয় বৃহস্পতিবারই তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, নাকি শপথগ্রহণের জন্য ২০ কিংবা ২১ আগস্ট চূড়ান্ত করা হয়।
জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কালের জানান, 'এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।'
জানতে চাইলে সংসদ সদস্য সাচিং প্রু জেরী জানান, 'মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।'
উল্লেখ্য, বর্তমান মন্ত্রিপরিষদের মোট সদস্যসংখ্যা ৫০। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।
Comments