বাংলাদেশ জেলের নাম পাল্টে নতুন নাম হচ্ছে
দেশের কারা ব্যবস্থাপনাকে আরও সংশোধন ও পুনর্বাসনমুখী করতে 'বাংলাদেশ জেল' নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) মোতাহের হোসেন। নতুন নাম 'Custodial and Correction Service Bangladesh' করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে সমসাময়িক ঘটনা ও কারা বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কারা মহাপরিদর্শক বলেন, কারাগারের মূল দর্শনকে আরও সংশোধন ও পুনর্বাসনমুখী করার লক্ষ্যেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার কাজ চলছে।
এ লক্ষ্যে 'Custodial and Correction Service Act-2025'-এর একটি খসড়া প্রণয়ন করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
মোতাহের হোসেন বলেন, কারা বিভাগের সংস্কারের অংশ হিসেবে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি তাদের সংশোধন ও পুনর্বাসনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিংসহ মানসিক উন্নয়নমূলক নানা কার্যক্রম চালু করা হয়েছে।
এ ছাড়া বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগ সহজ করতে ভিডিও কলের ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানান তিনি।
কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।
তিনি বলেন, কারাগারগুলোতে এআই-নির্ভর সিসিটিভি, বডি ক্যামেরা, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল ডিটেক্টর ও মোবাইল জ্যামিং সিস্টেম ব্যবহার শুরু হয়েছে।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম ও টিম ট্র্যাকার চালু করা হয়েছে।
মোতাহের হোসেন বলেন, ২০২৪ সালের আগস্টে কারা বিভাগের দায়িত্ব নেওয়ার পর কারা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, মানবিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
Comments