চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নবম পে স্কেলের খসড়া প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করেছে সচিব কমিটি।
মুখ্য সচিব বলেন, প্রায় ১১ বছর ধরে নতুন বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করছেন। নতুন পে স্কেল বাস্তবায়নে সাধারণ মানুষের ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে, তবে সরকারি কর্মীদের জীবনযাত্রার সঙ্গে বেতন সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে।
সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে একই হারে বেতন বৃদ্ধির পরিবর্তে নিম্ন গ্রেডের কর্মীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
খসড়া অনুযায়ী, দুই ধাপে নতুন পে স্কেল কার্যকরের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বাড়ানো হবে এবং পরবর্তী ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন করা হবে। চলতি বছরের জুলাই থেকে এর আংশিক বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পুরো কাঠামো কার্যকর করার লক্ষ্য রয়েছে। তবে কত ধাপে এটি বাস্তবায়িত হবে, সে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে চলতি সপ্তাহেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে পে স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে বিচার বিভাগ-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেওয়ায় তা সমাধানের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।
২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো কার্যকর হয়নি। নিয়মিত ইনক্রিমেন্ট পেলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।
এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই নবম পে স্কেলের বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি ও চূড়ান্ত বেতন কাঠামো স্পষ্ট হবে।
Comments