বাংলাদেশে আল-কায়েদার তৎপরতার খবরে ফেসবুকে মনিরুলের প্যারোডি
বাংলাদেশে আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার খবর প্রকাশের পর ফেসবুকে এ নিয়ে প্যারোডি লিখেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, 'এখন তো নাই আমি, কী বলবি রে বোকা।'
সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 'অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম'-এর ৩৮তম প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা। ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে আল-কায়েদার সহযোগী সংগঠন 'আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট' (একিউআইএস) নিয়ে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংগঠনটি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে।
মনিরুল ইসলাম সিটিটিসির প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে দেশে জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ওই সময়ে জঙ্গিবাদ দমন কার্যক্রমকে বিরোধী দল দমনে ব্যবহারের অভিযোগও উঠেছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মনিরুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে পুলিশের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। ওই সময় বিভিন্ন পর্যায়ের আরও অনেক পুলিশ কর্মকর্তার মতো তিনিও দেশ ছেড়ে পালিয়ে যান বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলন দমনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল মনিরুল ইসলামের বিরুদ্ধে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি। কয়েক দফায় কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তাঁদের অনেকের অবস্থান সম্পর্কে পুলিশ সদর দপ্তরের কাছে নিশ্চিত তথ্য নেই।
Comments