খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী 'বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বাড়াতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবান শিশু-কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে। ভবিষ্যতে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে কিকবক্সিংকে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, কোচ, রেফারি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ক্রীড়া কর্মকর্তাসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
Comments