ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস পরিকল্পনা প্রতিমন্ত্রীর
ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এর ঐতিহ্য ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন।
ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির উন্নয়নে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, 'আমার যদি কোনো কাজ করার সুযোগ থাকে, অবশ্যই আমি সেটা করব।'
দীর্ঘদিন পর কলেজে এসে বর্তমান অবকাঠামো দেখে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন জানিয়ে জোনায়েদ সাকি বলেন, অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রয়োজন।
তিনি বলেন, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থান এবং ভালো ফল করা শিক্ষার্থীদের বড় একটি অংশ ভর্তি হওয়ায় ঢাকা কলেজের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে শুধু নিজেদের উন্নয়ন নয়, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও উদাহরণ তৈরি করতে হবে।
শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিতর্ক, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের শেখার গুরুত্বপূর্ণ অংশ। গণতান্ত্রিক ব্যবস্থায় শিক্ষা ও ছাত্র আন্দোলনকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। তবে দখলদারিত্ব ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে।
বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্কে বিপক্ষ মত গ্রহণের অনুশীলন শিক্ষার্থীদের নিজেদের বিশ্বাস ও ধারণাকে প্রশ্ন করতে শেখায়। এর মাধ্যমে যুক্তিনির্ভর চিন্তার দক্ষতা তৈরি হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা বিতার্কিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Comments