চট্টগ্রামে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে গ্যাস ছড়িয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী উপকূলের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামও সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ৯টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু ও কয়েকজন আহত হন বলে জানান তিনি। তবে আহতের সংখ্যা বা পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, পুলিশ তাঁকে সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, ইয়ার্ডে মরদেহ উদ্ধারের কাজ চলছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর কথা জানা গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় শতাধিক মানুষ ইয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে বলে জানিয়েছেন ইয়ার্ড কর্মকর্তারা। এ সময় বিভিন্ন মালামাল লুটের অভিযোগও উঠেছে।
Comments