নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী
নিজেদের স্বার্থ হাসিল করতেই ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আপনজন মনে করেই আশ্রয় দিয়েছে। তার অভিযোগ, শেখ হাসিনার মাধ্যমে ভারত নিজেদের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা পুলিশ ও র্যাবকে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা করেছিলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে 'মামার বাড়ির আবদার' আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রিকেট আজ যে অবস্থানে পৌঁছেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
Comments