প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকারি সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুলে 'অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস' চালুর প্রস্তাবেও সম্মতি দেন তিনি।
এ ছাড়া স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আইইএলটিএসের আদলে পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা দেওয়া হবে।
সাক্ষাৎকালে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফের চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।
Comments