‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠিত, নতুন দায়িত্বে অর্থমন্ত্রী
সৃজনশীল বা ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের লক্ষ্যে 'ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি' গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ২৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, সচিব, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী; পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টারাও এতে অন্তর্ভুক্ত রয়েছেন।
অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতি বিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিসিকের চেয়ারম্যানের পাশাপাশি ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে রাখা হয়েছে। এছাড়া আরও একজন সেক্টর স্পেশালিস্ট এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে এই স্টিয়ারিং কমিটির মূল দায়িত্ব ও কর্মপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে:
-
ক্রিয়েটিভ অর্থনীতি-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের রোডম্যাপ অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।
-
আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রমে সমন্বয় সাধন এবং প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা প্রদান।
-
বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং ত্রৈমাসিক ভিত্তিতে কাজের অগ্রগতি মূল্যায়ন।
-
প্রয়োজন সাপেক্ষে কমিটিতে নতুন সদস্য কো-অপ্ট করা এবং নিয়মিত সভা পরিচালনা।
অর্থ বিভাগ এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে।
Comments