সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিনিয়োগ: অর্থমন্ত্রী
বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার শুধু 'বিনিয়োগ, বিনিয়োগ এবং বিনিয়োগ' বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে এই অর্থনৈতিক অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়েছে। বাংলাদেশ এখন সার্বক্ষণিক অর্থাৎ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ব্যবসার জন্য উন্মুক্ত রয়েছে বলে জানান মন্ত্রী। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়ন ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের অবদান রাখবে।
Comments