সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, যেকোনো সময় ফিরবেন দেশে
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আজ সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ সোমবার সকালে থেরাপি সেশন শেষে মির্জা আব্বাস তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন।
শায়রুল কবির খান বলেন, "মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার 'পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে' নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাঁকে থেরাপির পাশাপাশি নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।"
দলীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান, শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় যেকোনো সময় দেশে ফিরবেন
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে নিবিড় ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
Comments