বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিলেন শি জিনপিং
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি বিশেষ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐতিহাসিক প্রস্তাব আসে।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন জানান, প্রস্তাবিত এই চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যের প্রসার ঘটানো। এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির ব্যাপ্তি ও প্রবৃদ্ধি বহুগুণ বাড়বে। আন্তঃদেশীয় লেনদেন বা ট্রানজেকশন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে। বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা বা মাল্টি-মডাল ট্রান্সপোর্ট নেটওয়ার্ককে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে, স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের নিয়ে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে যান। সেখানে তিনি চীনের জাতীয় বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।
Comments