ক্ষমতা যখন হাস্যরসকে ভয় পায়
গণতান্ত্রিক সমাজে ব্যঙ্গ-বিদ্রূপ কেবল বিনোদনের মাধ্যম নয়;এটি ক্ষমতাকে প্রশ্ন করার, সামাজিক অসঙ্গতিকে তুলে ধরার এবং জনমতের প্রতিফলন ঘটানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। ইতিহাসে দেখা যায়, রাজনৈতিক ব্যঙ্গ বহু সময়ে জনগণের হতাশা, ক্ষোভ এবং প্রত্যাশার ভাষা হিসেবে কাজ করেছে। তাই যখন কোনো সরকার একটি ব্যঙ্গাত্মক উদ্যোগকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দমন করার চেষ্টা করে, তখন সেটি শুধু একটি পেজ বা সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নয়; বরং বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি হয়ে ওঠে।
ভারতে "ককরোচ জনতা পার্টি" (CJP) ঘিরে সাম্প্রতিক বিতর্ক সেই বাস্তবতাকেই সামনে এনেছে। একদল তরুণ একটি রসিকতাকে কেন্দ্র করে একটি প্যারোডি রাজনৈতিক পরিচয় নির্মাণ করেছিল। এর পেছনে ছিল ক্ষোভ,হতাশা এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া। কিন্তু বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমের গণ্ডি ছাড়িয়ে জাতীয় আলোচনার অংশ হয়ে ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার পর সরকারের প্রতিক্রিয়াও ক্রমশ কঠোর হতে থাকে।
এই ঘটনাকে কেবল একটি অনলাইন অ্যাকাউন্ট বা একটি রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখলে ভুল হবে। বরং এটি বর্তমান ভারতের রাজনৈতিক পরিবেশ,রাষ্ট্র ও নাগরিক সম্পর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
এই ঘটনার কেন্দ্রে রয়েছে তরুণদের ক্রমবর্ধমান হতাশা। বিশ্বের বৃহত্তম তরুণ জনগোষ্ঠীর একটি অংশ নিয়ে গঠিত ভারত আজ কর্মসংস্থান সংকট,শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি। বিশ্ববিদ্যালয় ও চাকরির বাজারে প্রবেশ করতে গিয়ে বহু তরুণ প্রতিযোগিতা,দুর্নীতি এবং সীমিত সুযোগের বাস্তবতার সঙ্গে লড়াই করছে। এই প্রেক্ষাপটে ব্যঙ্গাত্মক রাজনৈতিক ভাষা অনেকের কাছে ক্ষোভ প্রকাশের তুলনামূলক নিরাপদ ও সৃজনশীল মাধ্যম হয়ে উঠেছে।
সরকারের প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করে: একটি আত্মবিশ্বাসী সরকার কি ব্যঙ্গকে ভয় পায়? সাধারণত শক্তিশালী গণতন্ত্রে সরকার ও রাজনৈতিক নেতারা সমালোচনা, কার্টুন,ব্যঙ্গচিত্র কিংবা প্যারোডিকে রাজনৈতিক জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করে। কারণ এসব মতপ্রকাশ রাষ্ট্রের বৈধতাকে সরাসরি দুর্বল করে না;বরং জনমতের বহুমাত্রিকতাকে প্রকাশ করে। কিন্তু যখন একটি ব্যঙ্গাত্মক উদ্যোগকে জাতীয় নিরাপত্তা,সার্বভৌমত্ব বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হয়,তখন প্রশ্ন জাগে-এটি কি সত্যিকারের নিরাপত্তা উদ্বেগ,নাকি সমালোচনা সহ্য করতে না পারার প্রকাশ?
এই ঘটনা ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতার নতুন চ্যালেঞ্জকে তুলে ধরে। সামাজিক যোগাযোগমাধ্যম একদিকে সাধারণ মানুষকে মত প্রকাশের সুযোগ দিয়েছে,অন্যদিকে রাষ্ট্রের জন্য নতুন ধরনের নিয়ন্ত্রণের ক্ষেত্রও তৈরি করেছে। কোনো একটি অ্যাকাউন্ট,ওয়েবসাইট বা কনটেন্ট সরিয়ে দেওয়া প্রযুক্তিগতভাবে আগের যেকোনো সময়ের তুলনায় সহজ। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকলে তা নাগরিক স্বাধীনতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বিষয়টি সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গেও সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে আলোচনা বেড়েছে। সরকার সমর্থক এবং সমালোচক উভয় পক্ষই সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিতর্কে জড়িয়েছে। এই প্রেক্ষাপটে কোনো সাংবাদিকের সরাসরি প্রশ্ন বা সরকারের সমালোচনামূলক প্রতিবেদন যদি অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্ম দেয়, তাহলে তা সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিয়ে নতুন প্রশ্ন তোলে।
তবে এই আলোচনায় আরেকটি বিষয়ও মনে রাখা জরুরি। কোনো রাষ্ট্রেরই নিরাপত্তা,সামাজিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষার বৈধ দায়িত্ব রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম কখনো কখনো ঘৃণাত্মক বক্তব্য,সহিংসতার উসকানি বা ভুয়া তথ্য ছড়ানোর ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। ফলে রাষ্ট্রের কিছু মাত্রার নিয়ন্ত্রণমূলক ভূমিকা অস্বাভাবিক নয়। কিন্তু সেই নিয়ন্ত্রণের সীমা কোথায় হবে,সেটিই মূল প্রশ্ন। ব্যঙ্গ,সমালোচনা এবং রাজনৈতিক রসিকতাকে যদি একই কাঠগড়ায় দাঁড় করানো হয়,তাহলে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
"ককরোচ জনতা পার্টি" বিতর্ক শেষ পর্যন্ত একটি বৃহত্তর সত্যের দিকে ইঙ্গিত করে। তরুণদের অসন্তোষ,সামাজিক উদ্বেগ এবং রাজনৈতিক হতাশা প্রশাসনিক ব্যবস্থা দিয়ে দমন করা সম্ভব হলেও তা দূর করা যায় না। একটি পেজ বন্ধ করা যেতে পারে,একটি ওয়েবসাইট সরিয়ে দেওয়া যেতে পারে,কিন্তু যে বাস্তবতা থেকে ব্যঙ্গের জন্ম হয়,সেই বাস্তবতা রয়ে যায়।
গণতন্ত্রের প্রকৃত শক্তি সমালোচনাকে নীরব করার মধ্যে নয়,বরং সমালোচনার মুখোমুখি হওয়ার সক্ষমতার মধ্যে নিহিত। যে রাষ্ট্র হাস্যরসকে সহ্য করতে পারে,সে রাষ্ট্রই শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী ও স্থিতিশীল বলে বিবেচিত হয়। আর যে রাষ্ট্র একটি কৌতুকের মধ্যেও হুমকি দেখতে শুরু করে,তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রায়ই বাইরের নয়-নিজের ভেতরের অনিরাপত্তা।
Comments