২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা
দেশের ১০টি জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) বন্যা তথ্যকেন্দ্র থেকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের প্রধান নদ-নদী—তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংসের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ঝুঁকিতে থাকা ১০ জেলা: লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা।
নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকা জেলাগুলো: কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্র পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বেড়েছে, হালদা নদীর পানি কমেছে এবং মাতামুহুরী নদীর পানি অপরিবর্তিত বা স্থিতিশীল রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়ে পরবর্তী দুই দিনে তা দ্রুত বৃদ্ধির পেতে পারে বলে জানিয়েছে তথ্যকেন্দ্র।
উজানের ঢল ও দেশের অভ্যন্তরে টানা বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোর অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments