পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো ৪৪টি জলকপাট
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর পানির তীব্র চাপ সামাল দিতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটই (কপাট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশন বিষয়টি নিশ্চিত করেছে।
পাউবোর পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টা ও সকাল ৯টা—উভয় সময়েই ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার)।
পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে তিস্তা ব্যারাজের ৪ ৪টি গেটই খুলে রাখা হয়েছে।
Comments