দেশে ৫৯টি টিভি চ্যানেল ও ১৪৩৬টি দৈনিক পত্রিকা রয়েছে: সংসদে তথ্যমন্ত্রী
বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল, ১৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল ৪টি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। তবে অনুমোদন পাওয়া মোট ৫৯টি চ্যানেলের মধ্যে বর্তমানে ৩৯টি চ্যানেল তাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
তথ্যমন্ত্রী জানান, সারা বাংলাদেশ থেকে বর্তমানে প্রকাশিত অনুমোদিত দৈনিক পত্রিকার সংখ্যা ১৪৩৬টি। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক: ৫৯৩টি। অন্যান্য জেলা থেকে প্রকাশিত দৈনিক: ৮৪৩টি।
সংসদে তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে অনুমোদিত ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা মোট ৪৭৪টি। এগুলোকে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ১. মূল ধারার অনলাইন নিউজ পোর্টাল: ২৮২টি। ২. দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ (পোর্টাল): ১৩১টি। ৩. আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল: ৬১টি।
সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তাঁর প্রশ্নে দেশে বিদ্যমান বেসরকারি টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের সুনির্দিষ্ট সংখ্যা ও তালিকা জানতে চাইলে তথ্যমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন।
Comments