সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী
এখন থেকে দেশের সব পাবলিক পরীক্ষা দেশের সব শিক্ষাবোর্ডে একই বা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের উন্নত নৈতিক জীবন গঠনে বিশেষ শিক্ষাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না বলে যে গুঞ্জন রয়েছে, সে প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন—মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
একই ব্রিফিংয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, দেশের শিক্ষার্থীরা যেন আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। একই সঙ্গে দেশের শিক্ষাঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী করে এগিয়ে নিতে বর্তমান সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান তিনি।
Comments