জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি'র পক্ষ থেকে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি'র পক্ষ থেকে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে এবার ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (কুলিং সিস্টেম), পর্যাপ্ত ফ্যান, ওযুখানা, বিশুদ্ধ পানি এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবাও নিশ্চিত করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, ঈদগাহ ময়দানের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি অঙ্গীকার করেন যে, কোরবানির পর পশুর বর্জ্য দ্রুততম সময়ে অর্থাৎ ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments