যুদ্ধের মধ্যেই গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রথমবারের মতো ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, শত্রুপক্ষের কাছে প্রতিরক্ষা-সংক্রান্ত তথ্য পাচারের দায়ে দোষী সাব্যস্ত মোশতবা কিয়ান নামের ওই ব্যক্তির ফাঁসি রোববার ভোরে কার্যকর করা হয়।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম 'মিজান অনলাইন' জানিয়েছে, মোশতবা কিয়ান দেশের প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি শত্রুপক্ষের কাছে সরবরাহ করেছিলেন। তাকে দেশের একটি কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ দিনব্যাপী চলা যুদ্ধের সময় কিয়ান ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সংক্রান্ত তথ্য পাচার করেছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতারা নিহত হওয়ার পর সংঘাত শুরু হয়। এর জবাবে তেহরান অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালায়। যুদ্ধ চলাকালে সংঘটিত গুপ্তচরবৃত্তির ঘটনায় সরাসরি জড়িত কাউকে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে ইরানি কর্তৃপ
সংঘাত শুরুর পর থেকে গুপ্তচরবৃত্তি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর বাড়িয়েছে ইরান। তবে এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যুদ্ধ শুরুর আগের।
মিজান অনলাইনের দাবি, কিয়ান শত্রুপক্ষ-সংশ্লিষ্ট নেটওয়ার্কে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। এর মধ্যে প্রতিরক্ষা শিল্পের যন্ত্রাংশ তৈরির কারখানার অবস্থান ও সংশ্লিষ্ট তথ্যও ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, তিনি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কের কাছেও তথ্য পাঠিয়েছিলেন। যদিও কোন কোন গণমাধ্যমে তথ্য পাঠানো হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষ প্রায়ই বিদেশভিত্তিক ফার্সি ভাষার সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগ তোলে।
মিজান অনলাইন আরও জানিয়েছে, কিয়ান যে স্থাপনার তথ্য পাচার করেছিলেন, যুদ্ধ চলাকালে সেটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আইনি প্রক্রিয়া শেষ করে রোববার ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানি সংবাদমাধ্যমটির দাবি, গ্রেপ্তারের ৫০ দিনেরও কম সময়ের মধ্যে কিয়ানের মৃত্যুদণ্ড কার্যকর এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সশস্ত্র বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
Comments