যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের নিয়মে কড়াকড়ি নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন অভিবাসন নীতিতে জানিয়েছে, অস্থায়ী ভিসায় থাকা বিদেশিদের গ্রিন কার্ডের আবেদন করতে হলে সাধারণভাবে নিজ দেশে ফিরে যেতে হবে। প্রশাসনের দাবি, এতে অভিবাসন ব্যবস্থার "আইনি ফাঁকফোকর" বন্ধ হবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা যাবে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ (USCIS) নতুন নির্দেশনায় বলেছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই স্থায়ী বসবাসের মর্যাদা পরিবর্তন কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়; এটি কর্মকর্তাদের বিবেচনার বিষয়। প্রতিটি আবেদন আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
আবেদন যাচাইয়ের সময় যেসব বিষয় গুরুত্ব পাবে ,ভিসার শর্ত ভঙ্গ,মেয়াদোত্তীর্ণ অবস্থান,অনুমতি ছাড়া কাজ করা,জালিয়াতি বা ভুল তথ্য দেওয়া, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময়ের শর্ত মানা হয়েছে কি না। তবে কিছু "ডুয়াল ইনটেন্ট" ভিসাধারীর জন্য ব্যতিক্রম থাকবে। এসব ভিসায় অস্থায়ীভাবে থাকা অবস্থায় গ্রিন কার্ডের চেষ্টা করা আইনত সম্ভব, যদিও তা গ্রিন কার্ডের নিশ্চয়তা দেয় না।
মানবাধিকার ও অভিবাসী সংগঠনগুলো এ নীতির সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এতে শরণার্থী, নির্যাতনের শিকার ব্যক্তি, পাচারের শিকার মানুষ ও অসহায় শিশুদের ঝুঁকিপূর্ণ দেশে ফিরে যেতে বাধ্য হতে হতে পারে।
এ পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ। এর আগে কিছু শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী ও গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানো হয়েছিল। এছাড়া চলতি বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
Comments