রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনোগুলোও পুনরুজ্জীবিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘৃণ্য অপরাধের ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি দায়িত্বে আসার পর যতগুলো এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটেছে, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে পারেনি—এমন একটা উদাহরণও নেই।
আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ক্ষেত্রেও ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে এই মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে।
দীর্ঘদিন ধরে অমীমাংসিত ও ঝুলে থাকা পুরোনো মামলাগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বড় ঘোষণা দেন। তিনি জানান, সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডসহ অতীতে ঘটে যাওয়া বেশ কয়েকটি বহুল আলোচিত ও অমীমাংসিত মামলাকে নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে।
এসব পুরোনো মামলার জট খুলতে এবং প্রকৃত অপরাধীদের আড়াল থেকে বের করে আনতে প্রশাসন এখন নতুনভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
Comments