দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৬১
দেশে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ৪ জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় উপসর্গযুক্ত নতুন রোগী: ১ হাজার ৪২৩ জন, ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী: ২০৮ জন ।
হাসপাতালে ভর্তি: ৪৬ হাজার ৪০৭ জন শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ৪২ হাজার ৩৩৬ জন শিশু। মোট মৃত্যু (৪৮৮ জন): নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪০৫ জনের।
সংশ্লিষ্টরা জানান, আক্রান্ত শিশুদের একটি বড় অংশই হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সুস্থতার হার ভালো হলেও প্রতিদিন নতুন করে বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা শিশুদের জ্বর ও শরীরে গুটি বা র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
Comments