‘কমপ্লিট শাটডাউন’ উপেক্ষা করেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি
শিক্ষার্থীদের টানা আন্দোলন ও ঘোষিত 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির মধ্যেই অবশেষে ক্যাম্পাস ও নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। নিয়োগ পাওয়ার আট দিনের মাথায় বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে শিক্ষক ও কর্মচারীদের একটি অংশের সহায়তায় শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে ভিসির কার্যালয়ে গিয়ে তিনি নিজ চেয়ারে বসেন। এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, ক্যাম্পাসে প্রবেশের আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন নতুন ভিসি। বৈঠক শেষেই শিক্ষক ও কর্মচারীরা তাকে প্রটোকল দিয়ে ক্যাম্পাসে নিয়ে যান।
ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে 'সাধারণ শিক্ষার্থী'দের ব্যানারে গত কয়েকদিন ধরে উত্তাল ছিল ক্যাম্পাস। সংঘর্ষ, হামলা-ভাঙচুর আর টানা ছয়দিনের বিক্ষোভের পর গত মঙ্গলবার বিকেলে পুরো ক্যাম্পাসে 'কমপ্লিট শাটডাউন' বা সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই সিংহভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন। আর দূর-দূরান্তের বাকি শিক্ষার্থীরা বুধবার সকালের মধ্যে ক্যাম্পাস ছাড়লে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ফাঁকা হয়ে যায়।
ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগসহ ৩ দফা দাবিতে অনড় রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে মঙ্গলবার বিকেলে ঘোষণা দিয়েছিলেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান। সে সময় তিনি অভিযোগ করেন, মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বুধবার বেলা ১১টার দিকে গাজীপুর উপজেলা পরিষদে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৫-২০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এরপর আজ বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে শিক্ষকদের সঙ্গেও আরেকটি বৈঠক করেন তিনি।
শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুপুরের দিকে অচলাবস্থার মাঝেই তিনি কার্যালয়ে যোগ দেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কার্যালয়ে আসার পর নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
Comments