ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মহাসড়কের ঢাকামুখী লেনে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে শুরু করে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে আটকে আছে শত শত যানবাহন। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া এই জটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ নিয়ে টানা তিন দিন ধরে ভোরের আলো ফোটার পর থেকেই এই মহাসড়কে স্থবিরতা দেখা দিচ্ছে।
ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরের দিকে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি মালবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে মহাসড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলেই মূলত এই দীর্ঘ যানজটের সৃষ্টি।
হাইওয়ে পুলিশ দ্রুততার সাথে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে থাকা গাড়িগুলো ধীরগতিতে চলতে শুরু করেছে এবং খুব দ্রুতই মহাসড়কের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।
Comments