সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতন স্কেল প্রয়োজন: ফাহিম আহমেদ
সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট বেতন স্কেল থাকা দরকার এবং সরকার যদি এ বিষয়ে বিশেষ নজর দেয়, তাহলে গণমাধ্যম খাতের অনেক সমস্যারই সমাধান হবে বলে মন্তব্য করেছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ফাহিম আহমেদ।
বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ফাহিম আহমেদ বলেন, "সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সংকট। আমাদের গণমাধ্যমকর্মীরা বেতন কম পান। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা বেশিরভাগ প্রতিষ্ঠানেই নেই; অল্প দু-একটি প্রতিষ্ঠানে হয়তো আছে। টেলিভিশনের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও খারাপ।" তিনি আরও যোগ করেন, বাইরে থেকে সাংবাদিকদের জীবনযাত্রা যতটা চাকচিক্যময় বা 'লাক্সারি' মনে হয়, বাস্তবে তা নয়। সাংবাদিকরা ন্যূনতম বেতন পান, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান সেই বেতনটুকুও নিয়মিত দিতে চায় না।
গণমাধ্যমের মানোন্নয়ন প্রসঙ্গে বিজেসি চেয়ারম্যান বলেন, "অনেকেই আমাদের কাছে অনেক ভালো ও মানসম্মত সাংবাদিকতা আশা করেন। কিন্তু আমাদের পেটে ভাত থাকবে না, অথচ আমরা ভালো সার্ভিস দেবো, ভালো সাংবাদিকতা করবো—এটা অতিরিক্ত বা অবাস্তব এক পাওনা মনে হয়।"
তিনি উল্লেখ করেন যে, বিজেসি সাংবাদিকতার মান উন্নয়নে নিয়মিত কাজ করে থাকে। তবে একা একটি সংগঠনের পক্ষে এই কাঠামোগত পরিবর্তন আনা সম্ভব নয়। ফাহিম আহমেদ বলেন, "সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করতে পারি, সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করতে পারি, কিন্তু মূল সমাধান আমাদের হাতে নেই। এই জায়গায় রাষ্ট্রের তথা সরকারের একটি বড় ও কার্যকরী ভূমিকা প্রয়োজন।"
Comments